# Tags

ভালুকায় ইউএনও’র উদ্যোগে পুকুরপাড় রূপ নিচ্ছে বিনোদন-জ্ঞান চত্বরে

মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি—ভালুকা উপজেলা পরিষদ সংলগ্ন সরকারি পুকুরের চারপাশে নির্মিত হতে যাচ্ছে মনোমুগ্ধকর ওয়াকওয়ে। পাশাপাশি, শাপলা সিনেমা হল সংলগ্ন পাড়ে গড়ে তোলা হবে একটি দৃষ্টিনন্দন মিনি পার্ক, কিডস জোন, পাঠকপ্রিয় লাইব্রেরি ও আধুনিক ক্যাফেটেরিয়া। ইতোমধ্যেই এই ব্যতিক্রমী ও জনকল্যাণমুখী প্রকল্পকে ঘিরে সাধারণ মানুষের মাঝে বইছে প্রশংসার জোয়ার।এই উদ্ভাবনী উদ্যোগের পেছনে আছেন ভালুকা উপজেলার  ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

তিনি জানান, “ভালুকাবাসীর মানসিক প্রশান্তি, স্বাস্থ্যচর্চা, বিনোদন এবং জ্ঞানচর্চার সুযোগ তৈরির লক্ষ্যে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই বিভাগীয় কমিশনার স্যার ও মাননীয় জেলা প্রশাসক স্যার —তাঁদের সার্বিক দিকনির্দেশনা ও সহায়তা ছাড়া এই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হতো না। ইনশাআল্লাহ, সব কিছু ঠিক থাকলে আগামী আগস্টেই নির্মাণ কাজের শুভ উদ্বোধন হবে।”

এ প্রকল্প বাস্তবায়িত হলে এটি ভালুকার নাগরিক জীবনে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। এটি যেমন পরিবেশবান্ধব একটি উদ্যোগ, তেমনি এটি শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের জন্য আনন্দ-জ্ঞান-বিনোদনের এক অপূর্ব মিলনস্থল হয়ে উঠবে।

স্থানীয়রা বলছেন, ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদের যোগদানের পর ভালুকায় ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া লেগেছে। তাঁর নেতৃত্বে এ ধরনের জনবান্ধব প্রকল্প আগামীতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।